দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন এলাকায় গত মঙ্গলবার চোরাচালান হয়ে আসা পণ্য আটকের ঘটনায় বিজিবি ও চোরাকারবারিদের সংঘর্ষে দুই ব্যক্তি নিহতের ঘটনায় দিনাজপুর বিজিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল রোববার বেলা দেড়টায় দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান ও ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
কর্নেল খালেকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিরামপুর বিশেষ ক্যাম্পে বিজিবি সদস্যদের কাছে গত মঙ্গলবারের ঘটনার বর্ণনা শোনেন। ওই সময় চোরাকারবারিদের হামলার শিকার বিজিবির সদস্য মোতালেব হোসেন ও প্রত্যক্ষদর্শীরা বিজিবি কর্মকর্তাকে ঘটনাস্থল ঘুরে দেখান। সেক্টর কমান্ডার গ্রামবাসী এবং নিহত শাহিনের বাবা শুকুর আলীকে ডেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। চোরাচালান দমনে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিজিবি কখনোই কাউকে লক্ষ্য করে গুলি করে না।
এ সময় এলাকাবাসী বলেন, বিরামপুর একটি শান্তিপ্রিয় শহর। সুবিধাবাদী একটি মহল বহিরাগত চোরাকারবারিদের বিজিবির বিরুদ্ধে উসকে দিয়ে গত মঙ্গলবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে। তাই বিজিবির দায়ের করা মামলায় নিরীহ গ্রামবাসীকে যেন হয়রানি করা না হয়, সে দাবি জানান এলাকাবাসী। সেক্টর কমান্ডার নিহতের পরিবার দুটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।