কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানি বৃদ্ধির ফলে গত ১৫ দিনে বিলীন হয়ে গেছে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাম্প, দুই হাজার বাড়ি ও বিস্তীর্ণ আবাদি জমি। হুমকির মুখে রয়েছে ছয়টি শিক্ষা ও ১২টি ধর্মীয় প্রতিষ্ঠান, দুটি বাজারসহ অসংখ্য স্থাপনা।এলাকাবাসী জানান, আকস্মিকভাবে তৃতীয় দফায় বন্যার পানি বৃদ্ধি পেয়ে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এ ভাঙনে চিলমারী ইউনিয়নের উদয়নগর বিজিবি ক্যাম্প, আয়নাপুর, ডিগ্রিরচর, লাদেনেরচর, পশ্চিমচর, ভবনন্দদিয়াড়, তেমাদিয়া, খারিজারথাক, বাজুমারা, চিলমারী, উদয়নগরসহ ১০টি গ্রামের দুই হাজার বাড়ি বিলীন হয়েছে।চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ প্রথম আলোকে জানান, ভাঙন আতঙ্কে অসংখ্য পরিবার ভিটে ছেড়ে রাস্তায় ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মো. মুস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, সোমবার তিনি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে মঙ্গলবার ত্রাণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রায় এক হাজার পরিবারের তালিকা করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া যাবে। উদয়নগরের বিজিবি ক্যাম্পটি খারিজারথাক এলাকার একটি স্কুলে অবস্থান করছে।