বিজিবি ক্যাম্প রক্ষা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পদ্মা নদীর ভাঙন থেকে চরখিদিরপুর বিজিবি ক্যাম্প আর বাঁচানো সম্ভব হচ্ছে না। গতকাল সোমবার সকালে ক্যাম্পটির আশা ছেড়ে দিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ফেলার কাজ স্থগিত করেছে। এ কাজে ইতিমধ্যে অর্ধকোটি টাকা ব্যয় হয়েছে। ভাঙন এখন দুটি গ্রামে ছড়িয়ে পড়েছে। দুটি গ্রামের মানুষ বাড়িঘর সরাতে দিশেহারা হয়ে পড়েছে। পদ্মার ভাঙন থেকে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর ও চরখানপুর বিজিবি ক্যাম্প দুটি রক্ষার জন্য পাউবো গত ২৫ জুলাই থেকে ক্যাম্পের পাশে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে। তবে চরখিদিরপুর ও চরখানপুর গ্রাম দুটির বাকি অংশে তখনো ভাঙন অব্যাহত ছিল। এখন সেই গ্রাম দুটির ১০ হাজার মানুষ ঠিকানা হারাতে বসেছে। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, খিদিরপুর বিজিবি ক্যাম্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ক্যাম্পের ভবনের এক পাশে ফাটল দেখা দিয়েছে। একাংশ দেবে গেছে। পশ্চিম পাশে শৌচাগারের নিচের মাটি সরে গেছে। বিজিবি সদস্যরা জানান, এমনিতেই অসময়ে ক্যাম্পটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়। তার পরও ঠিকাদারের লোকজন ঠিকমতো ব্যাগ ফেলতে পারেননি। একদিন তাঁর বালি থাকে না, আরেক দিন ব্যাগ থাকে না। এসব অব্যবস্থাপনার কারণে এই সর্বনাশ ত্বরান্বিত হয়েছে। ক্যাম্পের ভেতরে গিয়ে দেখা যায়, বড় গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। মালামাল পাশের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এদিকে গ্রামের মানুষের অভিযোগ, বিজিবি ক্যাম্প বাঁচানোর উদ্যোগ নেওয়া হলেও গ্রাম বাঁচানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খিদিরপুর গ্রামের বজলুর রহমানের ঘর ভেঙে মাথায় করে চালা ভারতের সীমান্তের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর স্ত্রী জুলেখা বেগম (৫০) কাঁদছেন। বলছেন, ‘ওখানে আবার বিএসএফের অত্যাচার। ভয় করছে। ২২ বছর ধরে এই গ্রামে বাড়ি ছিল। সবাই কানছে আর চালা বহছে। ছোট ব্যাটাডা লইড়ছে না। খালি কানছে। আল্লাহ যেন মাইনসেরে এমন বিপদে আর না ফেলে।’ খানপুর ক্যাম্প থেকে পদ্মা নদী মাত্র ৩৬ মিটার দূরে রয়েছে। ২৫ জুলাই থেকে এখানে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এতে ভাঙন কিছুটা থেমেছিল। তবে এখন আবার দুই পার্শ্বে ভাঙছে। গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে আছেন। পাউবোর একজন তদারকি কর্মকর্তা বলেন, ঢাকা থেকে তাঁদের একজন কর্মকর্তা এসে সিদ্ধান্ত দেবেন। সে জন্য অপেক্ষা করা হচ্ছে। পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, খানপুর ক্যাম্প ও একটি সীমান্ত পিলার বাঁচানোর জন্য ২৮০ মিটার এলাকায় ৩৫ হাজার জিও ব্যাগ ফেলার কাজ চলছে। এ জন্য এক কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হবে। ইতিমধ্যে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ঢাকা থেকে তাঁদের নির্বাহী প্রকৌশলী (কোয়ালিটি কন্ট্রোল প্রধান) কাজী তোফায়েল হোসেন আজ (গতকাল সোমবার) ওই এলাকা পরিদর্শন করেছেন। খানপুরের ব্যাপারে তাঁরা আশাবাদী। আর খিদিরপুর ক্যাম্পের পাশে ১০৫ মিটার এলাকা রক্ষার জন্য ৬৩ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছিল। ৮০ শতাংশ কাজ করার পরে তীব্র ভাঙনের কারণে প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন আর কিছু করার নেই। শুকনো মৌসুমে তাঁরা সিসি ব্লক দিয়ে স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণের কাজ করবেন।