বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামে গত মঙ্গলবার রাতে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বিজিবির পাঁচ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গ্রামের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জিয়াউল হক বলেন, বিজিবির সদস্যরা চোরাই মালামাল উদ্ধার করতে গেলে চোরাকারবারিরা তাঁদের ওপর হামলা চালিয়ে একটি এসএমজি ভেঙে ফেলে। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালাতে বাধ্য হয়েছে।গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে বিজিবির পাঁচ সদস্যের একটি দল ওই গ্রামের বাবলু মিয়ার বাড়িতে যায়। তারা বাড়িতে তল্লাশি চালাতে থাকলে বাবলুর স্ত্রী দুলালী বেগম গেটে তালা লাগিয়ে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে প্রতিবেশীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে বাড়ির পেছন দিক দিয়ে ঢুকে বিজিবির সদস্যদের ওপর হামলা চালান। তাঁরা বিজিবির একটি এসএমজি ভেঙে ফেলেন। তাঁদের ছোরার আঘাতে নায়েক সুবেদার আবদুস সামাদ আহত হন। গ্রামবাসীর হামলায় বিজিবির বাকি চার সদস্যও আহত হন। এ সময় বিজিবি দুটি ফাঁকা গুলি ছোড়ে। গ্রামবাসীর কয়েকজন অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুটি গুলি বের হয়ে ওই গ্রামের কায়ছার আলীর স্ত্রী আঞ্জু (৩০) ও তহিদুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গ্রামের আরও তিনজন আহত হন। পরে এলাকার শতাধিক নারী-পুরুষ দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিজিবির সদস্যদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।মঙ্গলবার রাত ১০টার দিকে ঘাটনাস্থলে গেলে বাবলুর স্ত্রী দুলালী বেগম বলেন, ‘বিজিবির সদস্যরা বাড়িতে ঢোকার পর আমি চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে বিজিবির সদস্যরা চারটি গুলি করে পালিয়ে যায়।’কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, বিনা কারণে গ্রামবাসীর ওপর হামলা দুঃখজনক।