একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে আইনশৃঙ্খলাবিষয়ক সভা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান।
সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন বলেন, পৌরসভা ও ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে নির্বাচনের দিন পুলিশ, কোস্টগার্ড ও আনসার মোতায়েন থাকবে। তারপরও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিজিবি মোতায়েন করা প্রয়োজন। তাই মহেশখালীতে পৌরসভা ও ইউপি নির্বাচনে বিজিবি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।