বিজিবি-চোরাকারবারি বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাচালানিদের ‘বন্দুকযুদ্ধে’ বিজিবির চার সদস্য আহত হয়েছেন।
এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় এক চোরাকারবারিকে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর কাছ থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পায় তারা। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে একটি দল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপকূলের মৌলভীপাড়া গ্রামের বেড়িবাঁধসংলগ্ন স্থানে অবস্থান নেয়। রাত নয়টার দিকে পাঁচ-ছয়জন সন্দেহভাজন চোরাকারবারি একটি নৌকা থেকে নেমে আড়াই নম্বর স্লুইসগেটের বেড়িবাঁধে উঠে আসেন। পরে তাঁরা পাশের মাঠের দিকে এগিয়ে যান। এ সময় বিজিবি তাঁদের থামতে বললে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। বিজিবিও এ সময় পাল্টা আটটি গুলি ছোড়ে। দুই পক্ষের বন্দুকযুদ্ধে বিজিবির চার সদস্য আহত হন। বন্দুকযুদ্ধে চোরাকারবারি দলের এক সদস্য গুলিবিদ্ধ হন।
বিজিবির আহত সদস্যরা হলেন খোরশেদ আলম, মিন্টু দাশ, মো. মজিদ ও নুরুল ইসলাম। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, রাত ১০টার দিকে বেড়িবাঁধের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. ইসমাইলকে (৪২) আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪৯ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ইসমাইল উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের নুরু সুলতানের ছেলে।
লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ আরও জানান, ইসমাইল তাঁদের কাছে স্বীকার করেছেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে তিনি ও তাঁর সহযোগীরা টেকনাফ যাচ্ছিলেন। বিজিবির গুলিতে তাঁদের আরও এক সদস্য আহত হয়েছেন। আহত অপরজন পাশের গ্রামে আত্মগোপন করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, ইসমাইলের পায়ে গুলি লেগেছে। তাঁকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দুটি মামলা করেছে।