বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।৩২ বিজিবির মহিষকুণ্ডি ক্যাম্প ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে বিজিবি সদস্যরা জানতে পারেন, একদল চোরাকারবারি দৌলতপুর উপজেলার ময়রামপুর মাঠের মধ্যে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বস্তায় করে পাচার করছে। ওই সংবাদের ভিত্তিতে বিজিবির ছয় সদস্য সেখানে অভিযান চালান। সুবেদার ইউনুচ আলী জানান, চোরকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে বিজিবি দুটি গুলি ছোড়ে। এরপর চোরকারবারিদের হামলায় বিজিবির সদস্য সাইফুল ইসলাম (২৮) আহত হন। ঘটনাস্থল থেকে ৫১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।পরে স্থানীয় কয়েকজন জানিয়েছে, আবদুল ছান্নান নামে এক চোরকারবারি গুলিবিদ্ধ হয়েছেন। ৩২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।