বিজিবি-চোরাচালানিদের সংঘর্ষ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাচালানিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, কাপড়সহ চোরাচালানি আটকের ঘটনায় সোমবার বেলা পৌনে একটায় এ ঘটনা ঘটে। চোরাচালানিদের ছোড়া পাথরে তিন বিজিবি সদস্য আহত হন। হামলা ঠেকাতে বিজিবি লাঠিচার্জ ও এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।জানা গেছে, বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সদস্যরা সৈয়দপুর থেকে খুলনাগামী ৭২৮ নম্বর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনে পাঁচবিবি রেলস্টেশন থেকে ওঠেন। তাঁরা ট্রেনে তল্লাশি চালাতে চালাতে সান্তাহার রেলস্টেশনে আসেন। আটক মালামাল সেখানে নামান তাঁরা। এরপর ট্রেন থেকে জুলি নামের এক নারী চোরাচালানিকে নামিয়ে বিজিবি সদস্যরা মারধর করেন। এ সময় অন্য চোরাচালানিরা রেললাইনের পাথর দিয়ে বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়। বিজিবি প্রথমে ব্যাপক লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।চোরাচালানিদের হামলায় বিজিবির টহল কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম, হাবিলদার মোস্তফা কুদরত-ই-খুদা ও সিগন্যালম্যান জামাল হোসেন আহত হয়েছেন। অভিযানকারী জয়পুরহাট বিজিবি দলকে সহযোগিতা করতে বিজিবি নওগাঁ ৪৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল ফজলুর রহমানের নেতৃত্বে আরেকটি দল রেলস্টেশনে আসে। তবে এর আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়।এ ব্যাপারে বিজিবির কর্মকর্তারা কোনো তথ্য জানাতে রাজি হননি। সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ঘটনাটি তাঁর থানা এলাকায় ঘটলেও বিজিবি বিষয়টি থানাকে জানায়নি।