বিজিবি দিবস পালিত
পঞ্চগড় ও দিনাজপুরে গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর জাতীয় ও রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয়। দুপুরে ইপিআরের মুক্তিযোদ্ধা আবদুল মান্নানকে (বীর প্রতীক) সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবির উপসহকারী পরিচালক ইমাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলিম খান ওয়ারেশী উপস্থিত ছিলেন। এ সময় মান্নানের হাতে উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এদিকে দিবসটি উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি। সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলি চেকপোস্টের শূন্য আঙিনায় বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি খাওয়ায়। হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান বলেন, ‘আজ বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফকে মিষ্টি খাওয়ানোসহ বিএসএফের ব্যাটালিয়ন সদর দপ্তরেও কর্মকর্তাদের নামে মিষ্টি পাঠানো হয়েছে।’