বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিজিবি দিবস উপলক্ষে এই উপহার দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে হিলি চেকপোস্টের জিরো পয়েন্টে দুই বাহিনীর সদস্যদের মধ্যে সম্প্রীতির এই সম্মেলন হয়। বিজিবির পক্ষ থেকে হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর হেপুনি কাশের হাতে পাঁচটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নানের ভাষ্য, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সীমান্তে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্বপালন করে যাচ্ছি। আজ বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফকে মিষ্টি খাওয়ানোসহ বিএসএফের ব্যাটালিয়ন সদর দপ্তরেও কর্মকর্তাদের নামে মিষ্টি পাঠানো হয়েছে।’
বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে দিবসটির শুভেচ্ছা জানানো হয়।