বিজিবি-নাসাকা পতাকা বৈঠক
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (নাসাকা) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার সৈকতের বিজিবি রেস্ট হাউসে অনুষ্ঠিত হয়েছে।বেলা তিনটা পর্যন্ত চলা ওই বৈঠকে মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে পুঁতে রাখা মাইন অনুসন্ধানে দুই দেশের বিশেষজ্ঞ দল নিয়ে যৌথ সমীক্ষা পরিচালনা, চোরাচালান ও মাদক পাচার রোধ, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ, কারাবন্দীদের হস্তান্তর এবং টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের সীমান্ত বাণিজ্য গতিশীল করার ব্যাপারে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।বৈঠকে বাংলাদেশের ১৪ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নবগঠিত বিজিবি কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম। অপর দিকে মিয়ানমারের ১৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের নাসাকার মংডু জোনের পরিচালক কর্নেল ইউ অং নাইং।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিজিবি কর্মকর্তারা বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিপরীতে মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে মাইনসহ বিস্ফোরক দ্রব্য পুঁতে রাখা হয়েছে। এসব মাইন বিস্ফোরণের ফলে বাংলাদেশিরা আহত হচ্ছে। তাই এসব মাইন অপসারণের জন্য উপস্থিত নাসাকা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়।জবাবে নাসাকা কর্মকর্তা সীমান্তে মাইন পুঁতে রাখার কথা অস্বীকার করে বলেন, সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে তারা (মিয়ানমার) কোনো মাইন পুঁতেনি। এরপর দুই পক্ষের সমঝোতায় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন অনুসন্ধান এবং অপসারণের জন্য দুই দেশের বিশেষজ্ঞদের মাধ্যমে যৌথ সমীক্ষা চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে কর্নেল নজরুল ইসলাম বলেন, নাসাকার সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সীমান্ত চোরাচালান ও মাদক পাচার রোধ, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধসহ নো ম্যান্স ল্যান্ডে মাইন পুঁতে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।