
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় করা দুটি মামলায় গতকাল সোমবার সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দুটি বেসরকারি মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তা, বিজিবি ও পুলিশের সদস্য। তাঁদের একজন নজরুল ইসলামকে অপহরণের আগে র্যাবের এক সদস্যের অনুসরণ করার প্রত্যক্ষদর্শী।
সাত খুনের মামলায় গ্রেপ্তার হওয়া ২৩ আসামির উপস্থিতিতে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ওই সাতজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ জুলাই দিন ধার্য করেন আদালত।
সাক্ষ্য ও জেরা শেষে মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালতে দেওয়া সাক্ষ্যে দুটি মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা সাত খুন মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসামিদের ফোনকলের রেকর্ড সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি ও পুলিশ সদস্যরা তাঁদের সাক্ষ্যে প্যানেল মেয়র নজরুলসহ সাতজনকে অপহরণের দিন আদালতপাড়ায় নজরুল ইসলাম ও তাঁর সঙ্গীদের অনুসরণকারী এক র্যাব সদস্যকে শনাক্ত করার বিষয়টি তুলে ধরেন।
গতকাল যাঁরা সাক্ষ্য দেন তাঁরা হলেন এয়ারটেলের কর্মকর্তা শাহ রিফাত আহম্মেদ, বাংলালিংকের কর্মকর্তা হোসনে আরা হক, নারায়ণগঞ্জ ডিবির সাবেক কনস্টেবল সাইফুল ইসলাম, ডিবি কার্যালয়ের ঝাড়ুদার মেহেদী হাসান, পুলিশ কনস্টেবল ওমর হাওলাদার ও রফিকুল ইসলাম এবং র্যাব-১১-এর সাবেক সদস্য (বর্তমানে বিজিবি যশোর অঞ্চলে কর্মরত) কামালউদ্দিন।
সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন পরে বলেন, গতকাল আটজনকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বানৎ
জানানো হয়েছিল। তাঁদের মধ্যে একজন ছিলেন গ্রামীণফোনের কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ। কিন্তু তাঁর পরিবর্তে মশিউর রহমান নামে এক কর্মকর্তা এসেছিলেন। মশিউরের সাক্ষ্য নেওয়া হয়নি। ইশতিয়াক বর্তমানে গ্রামীণফোনে চাকরি করছেন না। তবে তাঁকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, সাতজনই সাক্ষ্যে বেশ কিছু তথ্য দিয়েছেন। তাঁদের মধ্যে বিজিবি ও পুলিশ সদস্যরা বলেছেন, ঘটনার দিন ২০১৪ সালের ২৭ এপ্রিল নজরুল ইসলামসহ অন্যরা নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিতে এসেছিলেন। তখন তাঁদের পাঞ্জাবি ও পাগড়ি পরা এক ব্যক্তি অনুসরণ করছিলেন। এ সময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাঁকে সেরেস্তার কক্ষে আটকে রাখা হয়। পরে ওই ব্যক্তি নিজেকে র্যাব সদস্য তৈয়ব বলে পরিচয় দেন। পরে তাঁর পরিচয় শনাক্ত হলে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।