বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জমি দখল ও ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকাল শনিবার সকালে পঞ্চগড়ের ময়নাগুড়ি সীমান্তে ওই বৈঠক হয়।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে বিজিবির পক্ষে পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ কে এম শামীম রেজা এবং বিএসএফের পক্ষে ভারতের ১০৯ ডাঙ্গাপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক যোগিন্দর সিং নেতৃত্ব দেন।

সূত্র আরও জানায়, বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকবাল গতকাল সকালে পঞ্চগড়ের ময়নাগুড়ি সীমান্ত পরিদর্শন করেন। এ সময় তিনি ভারতের কিষানগঞ্জ সেক্টরের ডিআইজিকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। এর পরই বিএসএফের অধিনায়ক যোগিন্দর সিং অনির্ধারিত ওই পতাকা বৈঠকে যোগ দেন।

বিজিবি জানায়, বৈঠকে বিজিবির পক্ষে ময়নাগুড়ি সীমান্তের ওই সব জমি বাংলাদেশের বলে জানানো হয়। এটি অমীসাংসিত জমি নয় বলে জোর দাবি জানায় বিজিবি। এ সময় ধান কেটে নেওয়ারও প্রতিবাদ জানানো হয়। সাব-পিলার না থাকায় বিএসএফের পক্ষে ওই সব জমি অমীমাংসিত বলে দাবি করা হয়। বৈঠকে যৌথ জরিপের মাধ্যমে এসব জমির মালিকানা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জরিপের আগে কোনো পক্ষই এসব জমিতে যেতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

মেজর এ কে এম শামীম রেজা বলেন, ওই সীমান্তে অনেকগুলো সাব-পিলার হারিয়ে গেছে। এক ঘণ্টার অনির্ধারিত পতাকা বৈঠকে যৌথ জরিপের সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার মাঝামাঝি ময়নাগুড়ি সীমান্তে বিএসএফের সহযোগিতায় ভারতীয় লোকজন বাংলাদেশের প্রায় ২০ একর জমি দখল করে চাষাবাদ করছে বলে অভিযোগ ওঠে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গত বৃহস্পতিবার ওই জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবিকে অনুরোধ জানানো হয়।