বিজিবি-বিএসএফ প্রধানদের সম্মেলন ৩ অক্টোবর, দিল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সম্মেলন আজ শুক্রবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হবে। তবে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মূল বৈঠক ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভারত যাচ্ছে। বৈঠকে বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

গতকাল বৃহস্পতিবার বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, মহাপরিচালক পর্যায়ের বৈঠকের ফাঁকে মেজর জেনারেল আজিজ আহমেদ ৩ অক্টোবর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের এবারের আলোচনায় সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি, হত্যা, আহত করা, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার বা আটক করা, সীমান্ত লঙ্ঘন বা অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম কিংবা বাংলাদেশে অনুপ্রবেশ ও মানব পাচার, গোলাবারুদ বা বিস্ফোরকদ্রব্য চোরাচালান, ফেনসিডিলসহ অন্যান্য মাদক ও নেশাজাতীয় দ্রব্য পাচারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ৪ অক্টোবর যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) সই হবে।

এদিকে সীমান্ত সম্মেলন উপলক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী দিলশাদ নাহার আজিজের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল ভারতে গেছে।