বিজিবি-বিএসএফ বৈঠকে হত্যা বন্ধে ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতের ফুলবাড়ী ক্যাম্পে গতকাল বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে একমত হয়েছেন বিজিবি-বিএসএফের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।বৈঠক শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে দুই দেশের সীমান্তসংশ্লিষ্ট নানা বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। সীমান্তে হত্যা বন্ধ ছাড়াও বৈঠকে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ বন্ধসহ আন্তসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহলের সিদ্ধান্ত হয়েছে। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান, বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সীমান্তের যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানেও দুই পক্ষের কর্মকর্তারা একমত হন।বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক এস কে সুদ, ডিআইজি (শিলিগুড়ি) আর এ খান, ডিআইজি (নর্থ বেঙ্গল) এস কে গুলিয়া। বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ, বিজিবির রংপুর অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফিরোজ রহিম, রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী, বীর প্রতীক এবং পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন।