বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে এ বৈঠক হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলার ধবলগুড়ি উচ্চবিদ্যালয় মাঠে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়ন ও কোচবিহারের ফালাকাটা-৩৪ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে বৈঠকে সীমান্তপথে মাদক চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামসূম মুহিত ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার ফালাকাটা-৩৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল রাজেশ শর্মা। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু নাঈম মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী পরিচালক সুবেদার মেজর আবদুর রহমান, নবীনগর বিওপির সুবেদার আবু হানিফ, কুচলিবাড়ি বিওপির নায়েব সুবেদার আবদুস ছামাদ, ধবলগুড়ি বিওপির নায়েব সুবেদার আলী হোসেন ও ফালাকাটা-৩৪ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা।