বিজিবি-বিএসএফ মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৪৪তম বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে বিজিবিকে ৪৪ প্যাকেট মিষ্টি, ফুলের স্তবক ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বিএসএফ। বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে সমপরিমাণ মিষ্টি ও লাল-সবুজ খামে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ভারতের সীমানগর ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন ও চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নে এ শুভেচ্ছা উপহার বিনিময় হয়। বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান দর্শনা আন্তর্জাতিক সম্মেলনকক্ষে এ উপহার গ্রহণ করেন এবং শুভেচ্ছা দূতের মাধ্যমে উপহার পাঠান।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) চুয়াডাঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে, সীমানগর ১১৩ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে সীমান্ত এলাকায় অবস্থিত ২৪টি বিজিবি সীমান্তচৌকির (বিওপি) সদস্যদের জন্য দুই কেজি ওজনের ২৪ প্যাকেট মিষ্টি পাঠানো হয়। এ ছাড়া সীমানগর বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বীরেন্দ্র দত্তের পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিজিবি-৬-এর পরিচালকসহ ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যদের জন্য আরও ২০ প্যাকেট মিষ্টি পাঠান।
বিজিবি-৬-এর পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ শুভেচ্ছা বিনিময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।