বিজিবি-বিএসএফ সম্মেলন কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন কাল সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তির পর এটাই হতে চলেছে প্রথম সম্মেলন।
দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই সম্মেলন আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে, দুই দেশের মধ্যে ছিটমহল হস্তান্তরপর্ব শেষ হয়েছে এবং নাগরিক বিনিময়পর্বসহ অন্য বিষয়গুলোর কাজ চলছে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের চরিত্রও কিছুটা বদলে যাবে। সম্মেলনে এই বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ২২ জনের এক প্রতিনিধিদল নিয়ে আজ রোববার দিল্লি আসছেন। ভারতীয় প্রতিনিধিদলে থাকবেন ২৪ জন, নেতৃত্বে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ডি কে পাঠক। বিএসএফের পক্ষে এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ ছাড়াও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, পররাষ্ট্র মন্ত্রক, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং সার্ভে অব ইন্ডিয়ার সদস্যরা।
দুই দেশের সীমান্তবর্তী এলাকার ব্যবস্থাপনা ও সমস্যাগুলোর যৌথ সমাধানের উদ্যোগে প্রথম বৈঠকটি হয়েছিল ১৯৭৫ সালে। সেই থেকে প্রায় প্রতিবছর এই সম্মেলন হয়ে চলেছে। এবারের সম্মেলন ৪১তম। আগের বছর ঢাকায় শেষ বৈঠকটি হয়।
এবারের বৈঠকেও সেই বিষয়গুলো প্রাধান্য পাবে, যা এত দিন ধরে আলোচিত হচ্ছে। যেমন, সীমান্তবর্তী অঞ্চলের অপরাধপ্রবণতা, ভারতে জাল নোট পাচার, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের কাজকর্ম, অনুপ্রবেশের সমস্যা ও নারী পাচার এবং দুই দেশের আস্থা বাড়ায় এমন ব্যবস্থাগুলোর সার্থক রূপায়ণ। প্রতিবছরের মতো গরু পাচারও থাকবে আলোচ্য বিষয়।