বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ ঢাকায় শুরু
বাংলাদেশের কিশোরী ফেলানী হত্যা মামলার রায় পুনর্বিচারে বিএসএফের সিদ্ধান্ত আর সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে চালকবিহীন বিমান (ড্রোন) মোতায়েন—গত সপ্তাহজুড়ে বাংলাদেশ তো বটেই, ভারতের গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার হয়েছে এ দুটি খবর। সংগত কারণেই আজ রোববার থেকে ঢাকায় অনুষ্ঠেয় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনের আলোচ্যসূচিতে উঠে আসবে এ দুটি প্রসঙ্গ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আজ সকালে বিজিবির সদর দপ্তর পিলখানায় শুরু হচ্ছে। বৈঠকে ১৯ সদস্যের স্বাগতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী।
সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের প্রতিনিধিদল গতকাল শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা, গুলি করা, নিরস্ত্র বাংলাদেশিদের অপহরণ, পেটানো, সীমান্তের অন্য প্রান্ত থেকে বাংলাদেশে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ করা, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, পূর্বানুমোদিত উন্নয়নকাজে প্রতিবন্ধকতা ও আন্তর্জাতিক সীমান্তের দেড় শ গজের মধ্যে অননুমোদিত নির্মাণকাজ বন্ধ ইত্যাদি।