বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন গতকাল সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এর উদ্বোধন হয়। ৩০ সেপ্টেম্বর সম্মেলন শেষ হবে।সীমান্ত সম্মেলনে বিজিবির ২৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন। বিএসএফের ২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এর মহাপরিচালক রমন শ্রীবাস্তব।বিজিবির কর্মকর্তারা জানান, এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যা ও আহত করা, বাংলাদেশে অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া, অপহরণ করা, মাদকদ্রব্য চোরাচালান বন্ধ করা, সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।সকালে সম্মেলন শুরুর আগে বিজিবির পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধিই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সম্মেলনে অংশ নিতে রমন শ্রীবাস্তবের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধিদল গত রোববার বেলা সাড়ে তিনটায় ঢাকায় পৌঁছায়।ছিটমহল-বিনিময়ের কাজ দ্রুত শেষ হবে: বিএসএফের প্রধান গতকাল বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দ্রুততম সময়ের মধ্যে ভারত ও বাংলাদেশের ছিটমহল-বিনিময়ের কাজ শেষ হবে। এ লক্ষ্যে দুই দেশের সরকার কাজ করছে। তিনি বলেন, দুই দেশের আলোচনা অব্যাহত আছে। আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়েও বৈঠক হবে। আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হবে।সাহারা খাতুন বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০ জুলাইয়ের সফরের সময় সীমান্ত হত্যা ও ভারতীয় সীমান্তে মাদকের কারখানার কথা বলা হয়েছিল। তাঁর সফরের পর আর সীমান্ত হত্যা হয়নি। মাদকের কারখানাও বন্ধ করা হয়েছে। সীমান্ত হত্যায় বিএসএফের যেসব সদস্য জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে বিএসএফ-প্রধানকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তিন বিঘা করিডর পরিদর্শনে যাবেন। মুজিব-ইন্দিরা চুক্তি সামনে রেখেই দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধান করা হচ্ছে।