বিজিবি-বিএসএফের দুদিনব্যাপী যৌথ অনুশীলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি চোরাচালান ও অপরাধীদের প্রতিরোধে গতকাল মঙ্গলবার থেকে প্রথমবারের মতো দুদিনের যৌথ অনুশীলন শুরু করেছে বিজিবি ও বিএসএফ।
বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, যৌথ অনুশীলনে অংশ নিতে গতকাল সকাল নয়টায় ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মানজুরালের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধিদল এবং বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা চেকপোস্টের শূন্যরেখায় আসেন। উভয় বাহিনীর কর্মকর্তারা উভয়কে ফুল দিয়ে বরণ করেন।
প্রথমে চেকপোস্ট গেটের বাংলাদেশ ও পরে ভারতের অংশে যৌথ সংবাদ সম্মেলন করে যৌথ অনুশীলন ‘হিলি এক্সপ্রেস’-এর কার্যক্রম তুলে ধরেন দুই বাহিনীর কর্মকর্তারা।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, বেলা সাড়ে ১১টায় হিলি রেলস্টেশনের দক্ষিণপাশে এক পতাকা বৈঠকে মিলিত হন বিজিবি-বিএসএফের কর্মকর্তারা। এর আগে সীমান্ত পিলারও চেকিং করে যৌথ অনুশীলনে অংশগ্রহণকারীরা। বেলা দুইটায় যৌথ অনুশীলনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।