বিজিবি-বিএসএফের যৌথ অনুশীলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই দিনের যৌথ অনুশীলন শুরুর আগে দুই বাহিনীর কর্মকর্তারা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: এ এস এম আলমগীর, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই দিনের যৌথ অনুশীলন শুরুর আগে দুই বাহিনীর কর্মকর্তারা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: এ এস এম আলমগীর, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে প্রথমবারের মতো যৌথ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পারস্পরিক সহযোগিতা, সীমান্ত টহল, ব্যবস্থাপনা, চোরাচালান ও অপরাধীদের প্রতিরোধে আজ মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী যৌথ অনুশীলন শুরু হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে চেকপোস্টের জিরো পয়েন্টে শুরু হওয়া অনুশীলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অলকেশ সিনহা।
প্রথমে চেকপোস্ট গেটের বাংলাদেশ অংশে এবং পরে ভারতের অংশে যৌথ সংবাদ সম্মেলনে ‘হিলি এক্সপ্রেস’ নামের এই অনুশীলনের কার্যক্রম তুলে ধরেন দুই বাহিনীর কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০টায় চেকপোস্ট দিয়ে আসা বাংলাদেশ ও ভারতের যাত্রীদের ব্যাগ ও আমদানি করা পণ্যবাহী ট্রাকে যৌথভাবে তল্লাশি চালান বিজিবি ও বিএসএফের সদস্যরা। এরপর সেখান থেকে হিলি সিপি ক্যাম্পের অতিথি শালায় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা এক সাক্ষাতে মিলিত হন। বেলা সাড়ে ১১টায় হিলি রেলস্টেশনের দক্ষিণ পাশে এক পতাকা বৈঠকেও মিলিত হন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা। বেলা দুইটায় যৌথ অনুশীলনের প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বুধবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত দেড় কিলোমিটার সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে যৌথ অনুশীলন করবে বিজিবি ও বিএসএফ। অনুশীলনের অংশ হিসেবে হিলি রেলস্টেশনে ট্রেন ও যাত্রীদের তল্লাশি, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চোরাচালান বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর ছায়া অভিযান পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিবির রংপুর অঞ্চলের ডেপুটি কমান্ডার কর্নেল জুলফিকার, ২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশরাফ, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন এবং ভারতের রায়গঞ্জ সেক্টরের ১৯৯ ডিআইজি জর্জ মানজুরাল প্রমুখ।