বিজিবি-বিএসএফের সম্মেলন আজ ঢাকায় শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ পর্যায়ের চার দিনের সম্মেলন আজ বুধবার সকালে ঢাকায় শুরু হচ্ছে।পিলখানায় বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠেয় এ সম্মেলনে ২৫ সদস্যের স্বাগতিক পক্ষের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আনোয়ার হোসেন। ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফের ডিজি ইউ কে বানসাল। ভারতীয় প্রতিনিধিদলটি গতকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে।কূটনৈতিক সূত্র জানায়, দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের এ সম্মেলনে সীমান্তে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি হত্যা ও অবৈধ অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধমূলক তৎপরতা রোধের বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া দুই পক্ষ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) আওতায় কতটা কাজ হয়েছে, তা নিয়ে কথা বলবে।বিজিবি গত সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলিবর্ষণ, হত্যা ও আহত করা, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণের প্রসঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া সীমান্তের অন্য প্রান্ত থেকে ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ও মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান বন্ধ, সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে যেকোনো ধরনের সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামতকাজ বাধাহীনভাবে শেষ করা, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের আশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।