বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু
খুলনায় বিজিবির সঙ্গে বিএসএফের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের সম্মেলন গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। বেলা সাড়ে তিনটা থেকে নগরে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।সম্মেলনের শুরুতে বিজিবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি, বিনা উসকানিতে বিএসএফের গুলিবর্ষণের মাধ্যমে সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সমঝোতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণের বিষয় নিয়ে আলোচনা হবে।সম্মেলনে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান। ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ সদর দপ্তরের আইজি এস কে মিসরা।বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের সেক্টর কমান্ডার; বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।