বিজিবি মোতায়েনের দাবি জানালেন এক চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের দুই দিন আগে বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন একজন চেয়ারম্যান পদপ্রার্থী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুল। সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে গোলাম রসুল অভিযোগ করেন, কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রাখার জন্য কোনো এক প্রার্থী চেষ্টা করছেন বলে তিনি জানতে পেরেছেন। ইউপি চেয়ারম্যান নিজে পোলিং এজেন্টের দায়িত্বে থাকলে নির্বাচনে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
জয়নাল আবেদীন বলেন, ‘কেন্দ্র মিয়াজান আলীকে দলীয় সমর্থন দিয়েছে। কিন্তু জেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে তা বাতিল করে গোলাম রসুলকে প্রার্থী করার দাবি জানানো হয়। আমরা তৃণমূল নেতাদের প্রার্থী হিসেবে গোলাম রসুলকে নিয়ে নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করেছি।’ তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের বিভিন্ন হুমকি দিয়ে তাঁদের পক্ষে টানার চেষ্টা করা হচ্ছে।
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক ব্যবসায়ী প্রতীক পেলেও সম্প্রতি তাঁর প্রার্থিতা উচ্চ আদালত স্থগিত করেছেন।