বিজিবি সদস্য নিহত হওয়ায় মিয়ানমারের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের সদস্যদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানের মৃত্যুতে ‘অত্যন্ত দুঃখ প্রকাশ’ করেছে৷ পাশাপাশি বিজিবি এবং বিজিপি উভয়ে সীমান্তের সাম্প্রতিক এ বিয়োগান্ত ঘটনা থেকে শিক্ষা নিতে সম্মত হয়েছে।
গত বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে বিজিবি ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তিন দিনের বৈঠকটি গতকাল শেষ হয়েছে। বিজিপি মিয়ানমারের পুলিশ ফোর্সের অধীনস্থ একটি সংস্থা।
বৈঠকে দুই পক্ষ ইয়াবাসহ অন্যান্য মাদক পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মত হয়েছে। বৈঠক শেষে প্রচারিত যৌথ ঘোষণায় এ কথা বলা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের প্রথম বৈঠকটিতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ আট সদস্যের এবং এমপিএফের প্রধান মেজর জেনারেল জ উইন ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।