বিজিবি সদস্যকে ফিরিয়ে আনতে কাল বৈঠকের সম্ভাবনা
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) নায়েক আবদুর রাজ্জাককে ফিরেয়ে আনতে আগামীকাল বৃহস্পতিবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিজিবির বৈঠক হতে পারে। ৪২ বিজিবির টেকনাফের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
বিজিপি আজ বুধবার সকালে আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায়। ওই ঘটনায় গুলিবিদ্ধ বিজিবির সদস্য বিপ্লব কুমারের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বিজিবি।
আবু জার আল জাহিদ আরও বলেন, আজ দিনে নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত আনতে বিজিপির ছয় নম্বর সেক্টরের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বৈঠকের বিষয়টি নিশ্চিত করার কথা জানান। তবে সন্ধ্যা পর্যন্ত বৈঠকের সময় ও স্থান সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, বিজিবির পক্ষ থেকে টেকনাফে বৈঠক করার কথা বলা হয়েছে। তবে শেষ পর্যন্ত বৈঠকটি মিয়ানমারের হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে আজ সকালে বিজিপির গুলিতে আহত বিজিবি সদস্য বিপ্লব কুমার সম্পর্কে আবু জার আল জাহিদ বলেন, চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।