বিজিবি সদস্যকে ফেরত দেয়নি বিজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বিষয়টি নিয়ে বিজিবি-বিজিপি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়নি। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের মধ্যে এ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গতকাল বুধবার কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় বিজিবির সদস্য সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। এ সময় বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে তুলে নিয়ে যান সে দেশের সীমান্তরক্ষীরা (বিজিপি)।
বিজিবির দাবি, মিয়ানমার পুলিশের হেফাজতে থাকা আবদুর রাজ্জাককে ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ফেরত দেওয়া হয়নি। এরপরও বিজিপির ৬ নম্বর সেক্টরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বিজিপি গতকাল বুধবার সকালে নাফ নদীর লালদিয়া-সংলগ্ন এলাকা থেকে আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ বিজিবির সদস্য বিপ্লব কুমার চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনতে বিজিপির সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হতে পারে, গতকাল সন্ধ্যায় এ তথ্য দিয়েছিলেন ৪২ বিজিবির টেকনাফের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ। এ বিষয়ে জানতে চাইলে লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, যেকোনো সময় আবদুর রাজ্জাককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার কথা রয়েছে।
আবু জার আল জাহিদ জানান, ধারণা করা হচ্ছে, বিজিপি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে বিষয়টি নিয়ে বিজিপির ৬ নম্বর সেক্টরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।