বিজিবি সদস্যের অপহূত ছেলে কালিয়াকৈর থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে অপহূত শিশু ইফাতকে (৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে।অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: কালিয়াকৈরের সোহেল রানা (৩৫) ও তাঁর স্ত্রী আয়েশা বেগম (৩০)।পুলিশ সূত্র জানায়, কসবার শিকারপুর গ্রামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক জাহির হোসেনের বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে যান তাঁর বোন আয়েশা। গত বুধবার সকালে আয়েশা কৌশলে ভাইয়ের ছেলে ইফাতকে অপহরণ করে কালিয়াকৈরের ডাইনকিনি এলাকায় নিয়ে আসেন। পরে ওই দিন বিকেলে আয়েশা তাঁর ভাইকে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেন।ডাইনকিনি এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ডাইনকিনির সোহেল রানার বাড়িতে শিশুর কান্নার শব্দ পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সোহেল ও তাঁর স্ত্রী আয়েশাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ইফাতকে অপহরণের স্বীকার করেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশু ইফাতকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণের ঘটনায় কসবা থানায় মামলা থাকায় আটক দুজনকে ওই থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।