বিজিবি সদস্যের গুলিতে মোটরসাইকেলচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে আবদুস সালাম মিয়া (৪৫) নামে একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে উপজেলা সদরে অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের শুভপুর থেকে কাঠবোঝাই একটি সিএনজিচালিত ইমা (মাইক্রো) গাড়ি ছাগলনাইয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ওই গাড়িটিকে একটি মোটরসাইকেল পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। স্থানীয় মধুগ্রাম ক্যাম্পের বিজিবির সদস্যরা চোরাই কাঠ সন্দেহে গাড়িটি ধাওয়া করে। ছাগলনাইয়া উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মোটরসাইকেলচালক আবদুস সালামকে আটক করে বিজিবি। সেখানে দুজন বিজিবি সদস্যের সঙ্গে আবদুস সালামের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বিজিবির সদস্যরা তাঁর পায়ে পর পর দুটি গুলি করেন। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের সময় পথেই তিনি মারা যান।
আবদুস সালামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর শত শত লোক বিক্ষোভ মিছিল করে ইউএনওর কার্যালয়ে থাকা বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় ছাগলনাইয়া থানার পুলিশ দ্রুত পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনতাকে শান্ত থাকতে এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিজিবির মধুগ্রাম ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ইমতিয়াজুর রহমান বলেন, নিহত আবদুস সালাম তাঁদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য পায়ে গুলি করার কথা স্বীকার করেন। ছাগলনাইয়ার ইউএনও শহিদুল ইসলাম বিজিবি সদস্যদের গুলিতে আবদুস সালামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনীর জায়লস্কর বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুন আল মাহমুদ জানান, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।