বিজিবি সদস্যের লাশ ফেরত, মিয়ানমারে সেনাসমাবেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিহত সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ গতকাল শনিবার বিকেলে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। উচ্চপর্যায়ের যোগাযোগের পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাশটি ফেরত দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে থাকা অস্ত্র ফেরত দেয়নি মিয়ানমারের সীমান্তরক্ষীরা৷ উল্টো সীমান্তে তারা সেনাসমাবেশ করেছে৷

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল বিকেলে পিলখানায় নিজের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মহাপরিচালক বলেন, লাশ হস্তান্তরের পর এখন সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে। ৩ জুন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে খোয়া যাওয়া অস্ত্র ও গুলি ফেরত দেওয়ার কথা আছে। এ ছাড়া, ১০ জুন মিয়ানমারে বিজিবি-বিজিপির মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে সীমান্তের সূত্র জানিয়েছে, সীমান্তে গোলাগুলি বন্ধ হলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবির মহাপরিচালক নিজেও বলেছেন, মিয়ানমার ওপারে সেনাবাহিনী মোতায়েন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
এর আগে সীমান্তে গুলিবর্ষণ ও বিজিবি সদস্যের লাশ ফেরত না দেওয়ায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে গতকাল সকালে ফের তলব করা হয়। গত বৃহস্পতিবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।
বিজিবি মহাপরিচালক সংবাদ সম্মেলনে বলেন, গত বুধবার নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল পাইনছড়ি এলাকার ৫২ নম্বর বর্ডার পিলার (বিপি) এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কোনো প্ররোচনা ছাড়াই মিয়ানমার থেকে গুলি চালানো হয়। সম্পূর্ণ উসকানিমূলকভাবে মিয়ানমারের সীমান্তরক্ষীরা বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। টহল সদস্যরা এ সময় পিছু ফিরে এলেও নায়েক মিজান নিখোঁজ হন। পরে আরও সদস্য সেখানে যুক্ত হওয়ার পর পাইনছড়ির ৫২ নম্বর পিলারের কাছে গিয়ে দেখা যায়, সেখানে গুলি লেগে নষ্ট হওয়া একটি মোবাইল ফোন পড়ে আছে, আর রক্তের ধারা চলে গেছে মিয়ানমারের দিকে। এরপর মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে নিখোঁজ নায়েক মিজানকে ফেরত চাওয়া হয়। কিন্তু তারা কোনো রকম সাড়া দিচ্ছিল না। বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের একপর্যায়ে গত পরশুদিন তারা জানায়, তাদের কাছে একটি মৃতদেহ আছে। সে মৃতদেহ
ফেরত চাইলে তারা শুক্রবার বেলা তিনটার দিকে ৫২ নম্বর পিলারের কাছে যেতে বলে। বিজিবির একটি দল সেখানে গেলে তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। একপর্যায়ে তারা ভারী মর্টার শেল থেকে গোলা নিক্ষেপ করে। জবাবে বিজিবিও পাল্টা গুলি ও শেল ছোড়ে। এ সময় চারজন বিজিবি সদস্য নিখোঁজ হন। এঁদের দুজনকে রাতেই পাওয়া যায়। বাকি দুজনকে আহত অবস্থায় সকালে উদ্ধার করা হয়।

মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, এর আগে পতাকা বৈঠকে বিজিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সে দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা সীমান্তরক্ষীদের ওপর হামলা করছে। মহাপরিচালক বলেন, ‘এ অভিযোগের জবাবে আমরা বলেছি, এ দেশে আরএসও কোনো ক্যাম্প থাকলে তথ্য দেন। আমরা তাদের বিতাড়িত করব। তবে মিয়ানমারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুধু বিজিবিই নয়, সেনাবাহিনীর সহায়তায় নাইক্ষ্যংছড়িতে অপারেশন পরিচালনা করি। কিন্তু আরএসওর কোনো ক্যাম্প পাইনি।’ তিনি বলেন, ‘ওই সব এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তাদের অনুপ্রবেশ ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছয়টি বিপিও (সীমান্তচৌকি) স্থাপন করি। সেখানে টহল জোরদার করা হয়েছে।’
মহাপরিচালক বলেন, ‘মিয়ানমার সীমান্তের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো ভালো ছিল না। আমরা অনেক চেষ্টা করছি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার। কিন্তু মিয়ানমার তাতে সাড়া দিচ্ছে না। আমাদের নীতি হলো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকবে, কাউকে প্ররোচিত করা হবে না। তবে এটাকে আমাদের দুর্বলতা ভাবাও ঠিক হবে না।’
মিয়ানমারে সেনাসমাবেশ: কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আরাকান রাজ্যে নীরবে সেনাসমাবেশ করা হচ্ছে৷ তবে বাংলাদেশ সীমান্তেও বিজিবিকে সতর্ক রয়েছে৷ গতকাল সকালে উখিয়া সীমান্তের কাছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু এলাকা ঘুরে দেখা গেছে, জনমনে চাপা আতঙ্ক। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। বাংলাদেশ সীমান্তের উখিয়া উপজেলার আমতলী, বালুখালী, পালংখালী, উলুবনিয়া এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। আর ওপারে (মিয়ানমারের) তমব্রু, বলিবাজার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে অস্ত্রধারী বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্যরা টহল দিচ্ছেন।
স্থানীয় উলুবনিয়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা হারুন আর রশীদ বলেন, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় নাফ নদীতে কয়েক শ জেলে মাছ ধরতে যেতে পারছেন না। দুপুর থেকে উখিয়ার সীমান্তের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন রাখতে দেখা গেছে।

গতকাল টেকনাফে ট্রানজিট পাস নিয়ে আসা মিয়ানমারের মংডু এলাকার ব্যবসায়ী আবদুর রশিদ ও মো. আনিস প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনকে বলেন, সেখানে (মিয়ানমারের মংডু এলাকায়) দুই দিন ধরে সেনাসমাবেশ ঘটানো হচ্ছে। সন্ধ্যার পর লোকজনকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। অন্যান্য দিন ট্রানজিট দিয়ে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের আড়াই শতাধিক যাত্রী (নাগরিক) টেকনাফে এলেও গতকাল শনিবার এসেছে মাত্র ২৩ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমার সীমান্তের তমব্রু, ভেন্ডুলা (নাইক্ষ্যংছড়ির বিপরীতে), বলিবাজার থেকে মংডু শহর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার সীমান্তে অস্ত্রশস্ত্র মজুত করছে সেনারা। সেখানে রোহিঙ্গা নাগরিকদের নজরদারিতে রাখা হচ্ছে৷ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ১৮৮ কিলোমিটার।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ‘বিদ্রোহী দমনের নামে মিয়ানমারে সেনাসমাবেশ ঘটানো হচ্ছে বলে খবর পাচ্ছি।’
ফের রাষ্ট্রদূতকে তলব: পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল প্রথম আলোকে জানান, সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে আনা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে সীমান্তে গুলিবর্ষণ বন্ধ এবং মিয়ানমার অংশে পড়ে থাকা মৃতদেহ বিজিবির নিখোঁজ সদস্য নায়েক মিজানুর রহমানের কি না, তা চিহ্নিত করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করার পর বিনা উসকানিতে গত শুক্রবারের গুলিবর্ষণের ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করেছে বাংলাদেশ। পাশাপাশি আগামী দিনে এ ধরনের ঘটনা এড়ানোরও কথাও বলেছে বাংলাদেশ। মিউ মিন্ট থান এ সময় মুস্তাফা কামালকে জানান, অবিলম্বে বাংলাদেশের দাবির বিষয়টি তিনি মিয়ানমারের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।
বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েনের খবরের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূতকে বলা হয়েছে, এটি ১৯৮০ সালের আন্তর্জাতিক সীমান্ত চুক্তির লঙ্ঘন। সেনা মোতায়েন হয়ে থাকলে অবিলম্বে এবং পুরোপুরি সেনা প্রত্যাহারের জন্য মিয়ানমারের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।