বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গতকাল বুধবার বেলা ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বেলা দুইটা পর্যন্ত তিন ঘণ্টার ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি ইয়াবাসহ মাদক পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ এবং নাইক্ষ্যংছড়ির বিপরীতে মিয়ানমার সীমান্তে বিজিপির বেপরোয়া গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বিজিপি ভবিষ্যতে গুলিবর্ষণ করতে হলে বিজিবিকে আগে থেকে অবগত করবে মর্মে আশ্বস্ত করেন।
বিজিবি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আজিজুল ইসলাম, রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৈমুর সালাদীন কায়কোবাদ, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
অন্যদিকে, মিয়ানমারের ছয় সদস্যের নেতৃত্ব দেন বিজিপি ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল থি হান।
বৈঠকের সত্যতা নিশ্চিত করে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রথম আলোকে বলেন, নাইক্ষ্যংছড়ির বিপরীতে মিয়ানমার সীমান্তে কিছুদিন ধরে বেপরোয়া গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এতে বাংলাদেশ সীমান্তে বসবাসকারী জনগণকে ভীতিকর জীবন যাপন করতে হচ্ছে। বৈঠকে বেপরোয়া গুলিবর্ষণের কারণ জানতে চাইলে বিজিপির অধিনায়ক বলেন, তাঁদের (মিয়ানমার) সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে গুলিবর্ষণ করতে হচ্ছে। তা ছাড়া বন্য হাতির দল তাড়াতে এবং প্রশিক্ষণের সময়ও গুলি চালাতে হয়। ভবিষ্যতে এ রকম প্রশিক্ষণে গুলি চালানোর প্রয়োজন হলে বিজিবিকে আগে থেকে অবগত করার আশ্বাস দেন।