বিজিবিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরঞ্জিত সেনগুপ্তর অব্যাহতি পাওয়া সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আলী আজম খানকে রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তাতে গতকাল সোমবার সকাল ১০টায় তাঁকে রেলভবনে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি হাজির হননি। কেউ তাঁর হদিসও পাননি। গত ৯ এপ্রিল মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর থেকেই আলী আজম খান নিখোঁজ রয়েছেন। এদিকে গতকাল সোমবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পিলখানা পরিদর্শন করেছেন। সেখানে বেলা ১১টা থেকে প্রায় দুইটা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্ট সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে তদন্ত কমিটির প্রধান ও রেলের মহাপরিচালক আবু তাহের সাংবাদিকদের বলেছেন। আবু তাহের বলেন, এ সপ্তাহের মধ্যে আবার বিজিবির সদর দপ্তরে গিয়ে তদন্তের কাজ করা হবে। এর পরই বিজিবির অভ্যন্তরে কী ঘটেছিল, তার পরিষ্কার তথ্য পাওয়া যাবে। তদন্ত কমিটির আরেক সদস্য রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশী কুমার সিংহ। গত ৯ এপ্রিল রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, ওমর ফারুক তালুকদার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হককে নিয়ে চালক আজম খান পিলখানায় ঢুকে পড়েন। এরপর তিনি গাড়িতে অবৈধ টাকা আছে বলে চিৎকার শুরু করলে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন এবং পরে ছেড়ে দেন। বিজিবি দাবি করেছে, চালক আজমকেও একই সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি তখন থেকেই নিখোঁজ।