বিজিবিতে আরও ৯৩ জন নারী সৈনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) দ্বিতীয়বারের মতো যোগ দিয়েছেন নারী সৈনিকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে বিজিবির ৮৯তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৯৩ জন নারী সদস্য।
চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গত জুনে মাসে ৮৮তম ব্যাচে প্রথমবারের মতো বিজিবিতে ৯৭ জন নারী সৈনিক যোগ দিয়েছিলেন।
গতকালের এই কুচকাওয়াজে নারী সৈনিকের পাশাপাশি ৫০১ জন পুরুষ সৈনিকও অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বিজিবিতে নিয়োগ পাওয়া নতুন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম।
কুচকাওয়াজ শেষে বিজিবির মহাপরিচালক ৮৯তম ব্যাচের নবীন সৈনিকদের সফলভাবে প্রশিক্ষণ শেষ করার জন্য অভিনন্দন জানান। লিখিত বক্তব্যে বিজিবির মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে মহীয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। আজ নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ও দিকনির্দেশনায় কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সম-অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে নারী সৈনিক নিয়োগ দেওয়া হচ্ছে। অন্যান্য বাহিনীর নারী সৈনিকদের মতো বিজিবির নারী সৈনিকেরাও কর্মক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সার্থক হবে।’
নবীন সৈনিকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘বিজিবির চারটি মূলনীতি মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে বিজিবির সব সদস্য সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে সুচারুভাবে দায়িত্ব পালনের পাশাপাশি নারী ও শিশু পাচার রোধ, সীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধসহ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহয়তা করে আসছে।’
৮৯তম ব্যাচের নবীন সৈনিকদের মধ্য থেকে সব বিষয়ে সেরাদের পুরস্কার দেওয়া হয়। সেরা পুরুষ সৈনিকের পুরস্কার পেয়েছেন বদিয়ার আলম ও সেরা নারী সৈনিক স্মৃতি আক্তার।
কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান-৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, বোমাং সার্কেলের রাজা উ চ প্রু চৌধুরী।
‘রোহিঙ্গা অনুপ্রবেশ একেবারে বন্ধ, তা আমি বলব না’: অনুষ্ঠান শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ একেবারে বন্ধ, তা আমি বলব না। তারা কিন্তু সব সময় আসছে। ৯ অক্টোবরের ঘটনার পর অনুপ্রবেশ বেশি হচ্ছিল। আমরা সম্পূর্ণ প্রতিহত করার পরিকল্পনা নিয়েছি। যে অংশ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, সেখানে আমাদের ব্যাটালিয়ন আছে। তারপরও আমরা বিভিন্ন জায়গা থেকে বিজিবির সদস্য নিয়ে যাচ্ছি। যাতে কোনো রকমে অনুপ্রবেশ ঘটতে না পারে।’ তিনি বলেন, কিছুসংখ্যক রোহিঙ্গা চলে আসছে। তাদের ফেরত পাঠানো হয়েছে। এর ফাঁকে ফাঁকেও কিছু ঢুকে যেতে পারে। তাদের ফেরত পাঠানো হবে।