বিজিবিতে নতুন ব্যাটালিয়ন
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে যুক্ত হলো নতুন আরেকটি ব্যাটালিয়ন। আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পতাকা ও বিজিবির পতাকা উত্তোলন করে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর ৫৯ তম এই ব্যাটালিয়ন উদ্বোধন করেন।
এ উপলক্ষে আজ বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহাপরিচালক বলেন, সীমান্ত পাহারা আরও গতিশীল করতে ১২টি নতুন ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নতুন এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হলো।
এই বাহিনী কেবল সীমান্ত পাহারা নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
সীমান্তে হত্যাকাণ্ড সম্পর্কে মহাপরিচালক বলেন, গরু পাচারকে কেন্দ্র করে বেশির ভাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। তাই বাংলাদেশিরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে গরু না নিয়ে আসে, এ ব্যাপারে সচেতনতামূলক তৎপরতা চালাচ্ছে বিজিবি। ভারতীয়রা সীমান্ত অতিক্রম করে গরু দিয়ে গেলে তা নিতে কোনো সমস্যা নেই।
অনুষ্ঠানে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহীর সেক্টর কমাণ্ডার কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের বগোরাতলা ইউনিয়নে নতুন এই ব্যাটালিয়নটির সদর দপ্তর হবে। এ জন্য শিগগিরই ভবন নির্মাণের কাজ শুরু হবে। তবে তত দিন পর্যন্ত এ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে অবস্থান করবে।