বিজিবিতে প্রথমবারের মতো নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবিতে প্রথমবারের মতো যোগ দিয়েছেন নারী সদস্যরা। আজ রোববার সকালে অনুষ্ঠিত বিজিবির ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে পুরুষ সদস্যদের পাশাপাশি অংশ নিয়েছেন ৯৭ নারী সদস্য। ছবি: প্রথম আলো
বিজিবিতে প্রথমবারের মতো যোগ দিয়েছেন নারী সদস্যরা। আজ রোববার সকালে অনুষ্ঠিত বিজিবির ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে পুরুষ সদস্যদের পাশাপাশি অংশ নিয়েছেন ৯৭ নারী সদস্য। ছবি: প্রথম আলো

দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো যোগ দিয়েছেন নারী সদস্যরা। আজ রোববার সকালে অনুষ্ঠিত বিজিবির ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়েছেন ৯৭ নারী সদস্য। এ ছাড়া একই কুচকাওয়াজে অংশ নেন ১ হাজার ৪৭ জন পুরুষ সদস্য।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও স্কুলের প্যারেড মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কুচকাওয়াজ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নতুন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক।

কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী ও চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।
কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ৮৮তম ব্যাচের সদস্যদের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিজিবির ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ও দিকনির্দেশনায় কর্মক্ষেত্রে নানা পেশার পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সম-অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে প্রথমবারের মতো নারী সৈনিকদের যাত্রা শুরু হলো। আমি নিশ্চিত এই নারী সৈনিকেরা বিজিবির কর্মকাণ্ডে একটি নতুন অধ্যায় সূচিত করবেন।’
৮৮তম ব্যাচের নবীন সৈনিকদের মধ্যে থেকে কুচকাওয়াজ, শারীরিক উৎকর্ষ, ফায়ারিং ও সব বিষয়ে সেরাদের পুরস্কার বিতরণ করা হয়। সেরা পুরুষ সৈনিক হয়েছেন মো. ফজলুল করিম ও সেরা নারী সৈনিক জাহানারা আক্তার। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সৈনিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে নতুন সৈনিকেরা শারীরিক কসরতের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সমাজ, রাষ্ট্রভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্ব দর্শকদের সামনে উপস্থাপন করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এয়ার উইংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বেশ কিছু দুর্গম এলাকা। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেখানে নতুন নতুন বিওপি (সীমান্তচৌকি) প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের সীমান্তরক্ষীরা সেখানে কাজ করছেন। এসব বিওপিতে হেলিকপ্টার করে যেতে হয়। দ্রুত সেখানে যাওয়ার জন্য এই এয়ার উইংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। এ ছাড়া দুর্গম এলাকাগুলোতে চলাচলের রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।