বিজিবিতে যোগ দিলেন আরও ৯৭ নারী সৈনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবির ৯০তম ব্যাচে প্রথমবারের মতো সব বিষয়ে সেরা হওয়া নারী সৈনিক পাপিয়া আক্তারের হাতে পুরস্কার তুলে দেন বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা। ছবিটি গতকাল সকালে সাতকানিয়ার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্যারেড মাঠ থেকে তোলা l প্রথম আলো
বিজিবির ৯০তম ব্যাচে প্রথমবারের মতো সব বিষয়ে সেরা হওয়া নারী সৈনিক পাপিয়া আক্তারের হাতে পুরস্কার তুলে দেন বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা। ছবিটি গতকাল সকালে সাতকানিয়ার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্যারেড মাঠ থেকে তোলা l প্রথম আলো

সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) তৃতীয়বারের মতো যোগ দিয়েছেন ৯৭ জন নারী সৈনিক। গতকাল রোববার সকালে বিজিবির ৯০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন তাঁরা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং অ্যান্ড কলেজের প্যারেড মাঠে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া এবারই সেরা সৈনিক হিসেবে পুরস্কার পেয়েছেন এক নারী সৈনিক।

 গতকাল রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এ কুচকাওয়াজে নারী সৈনিকের পাশাপাশি ৩৩৬ জন পুরুষ সৈনিকও অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা। তিনি বিজিবিতে নিয়োগ পাওয়া নতুন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন।

কুচকাওয়াজ শেষে বিএসএফ মহাপরিচালক ৯০তম ব্যাচের নবীন সৈনিকদের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে বিজিবির জীবন উৎসর্গকারী দুজন বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধে অবদান রাখা আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

লিখিত বক্তব্যে প্রধান অতিথি নবীন নারী সৈনিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। আজ নারীরা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। বিজিবিতে অর্ন্তভুক্ত নবীন নারী সৈনিকদের জীবন গড়ার দৃপ্ত শপথে বলীয়ান হয়ে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য বিজিবি সদস্যের গৌরব অর্জন করতে হবে।

 নবীন সৈনিকদের উদ্দেশে প্রধান অতিথি আরও বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূলনীতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক।

৯০তম ব্যাচের নবীন সৈনিকদের মধ্য থেকে বিষয়ভিত্তিক প্রথম স্থান অর্জনকারী ও সব বিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিককে পুরস্কার বিতরণ করা হয়। প্রথমবারের মতো সব বিষয়ে সেরা সৈনিকের পুরস্কার পেয়েছেন নারী সৈনিক পাপিয়া আক্তার।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন সৈনিকেরা শারীরিক কসরতের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সমাজ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভের দৃশ্য দর্শকদের সামনে উপস্থাপন করেন।

 কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের বোমাং সার্কেলের রাজা উচ গ্রু চৌধুরী। এ ছাড়া কুচকাওয়াজ পরিচালনার দায়িত্বে ছিলেন প্যারেড কমান্ডার মেজর এ টি এম আহসান হাবিব ও প্যারেড এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. শাহাদত হোসেন।

গত বছরের জুন মাসে ৮৮তম ব্যাচে প্রথমবারের মতো বিজিবিতে নারী সৈনিকেরা নিয়োগ পান। ওই সময় ৯৭ জন নারী সৈনিক যোগ দিয়েছিলেন। ওই বছরের ডিসেম্বরে ৮৯তম ব্যাচে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ৯৩ জন নারী সৈনিক।