বিজিবির আপত্তিতে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ডাম্পিং স্টেশন এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিজিবির জোর আপত্তির মুখে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রেখেছে। সীমান্তে উত্তেজনার খবর পেয়ে গতকাল বিকেল সোয়া চারটায় চাতলাপুর শুল্ক স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ১৮৬৩ নম্বর সীমান্তখুঁটি সংলগ্ন ডাম্পিং স্টেশন (আমদানি-রপ্তানির মালামাল রাখার স্থান) এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত সদস্য প্রহরায় রয়েছেন। ঘটনাস্থলে কর্তব্যরত শরীফপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সুবেদার হারুন-অর-রশীদ এ প্রতিনিধিকে বলেন, উত্তর ত্রিপুরার জেলা কৈলাসহরে প্রবেশপথে জিরো পয়েন্টে দুই দেশের আমদানি ও রপ্তানি পণ্য রাখার জন্য ডাম্পিং স্টেশনের স্থান খালি রাখার কথা। এ স্থানটুকু আপাতত খালি থাকলেও ভারতীয়রা এখানে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ার পরিকল্পনা করছিল। এতে বিজিবির সদস্যরা আপত্তি জানালে বিএসএফ সদস্যদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলে বিএসএফ সদস্য বৃদ্ধি করে। বাধ্য হয়ে পাহারা জোরদার করার লক্ষ্যে কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ রাখার জন্য বাধা দিয়ে বিজিবিও সদস্য বাড়ায়। পরে বিএসএফের সুবেদার পর্যায়ের এক কর্তাব্যক্তি এসে আলোচনা করে বলেন, উভয় দেশের উচ্চপর্যায়ের বৈঠক শেষে বাকি কাজ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একটি সূত্র জানায়, এ সমস্যা নিরসনে দু-এক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হতে পারে।