বিজিবির আরেকটি ক্যাম্প পরিত্যক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে পবা উপজেলার চরখানপুর সীমান্তের বিজিবি ফাঁড়ি। আর মাত্র ৩০ গজ ভাঙলেই বিলীন হয়ে যাবে ফাঁড়িটি। বিজিবির সদস্যরা গতকাল ওই ফাঁড়ির মালামাল সরিয়ে নেন l প্রথম আলো
রাজশাহীতে পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে পবা উপজেলার চরখানপুর সীমান্তের বিজিবি ফাঁড়ি। আর মাত্র ৩০ গজ ভাঙলেই বিলীন হয়ে যাবে ফাঁড়িটি। বিজিবির সদস্যরা গতকাল ওই ফাঁড়ির মালামাল সরিয়ে নেন l প্রথম আলো

রাজশাহীতে পদ্মা নদীর ভাঙন থেকে চরখিদিরপুর বিজিবি ক্যাম্পটি গত বছর বাঁচানো সম্ভব হয়নি। এবার আরেকটি ক্যাম্প গতকাল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ক্যাম্পের সদস্যদের ও মালামাল পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় সীমান্তবর্তী রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর ও চরখানপুর বিজিবি ক্যাম্প দুটি পদ্মার ভাঙন থেকে রক্ষার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গত বছর ২৫ জুলাই থেকে ক্যাম্পের পাশে ভাঙন এলাকায় জিও টেক্সটাইল ব্যাগ ফেলার কাজ শুরু করে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চরখানপুর বিজিবি ক্যাম্পের মাত্র ৩০ গজের মধ্যে পদ্মা নদী ঢুকে পড়েছে। ক্যাম্পের পূর্ব পাশে দেখা যায়, এদিকে প্রায় ৫০ গজ এলাকা ভেঙে নদীর ভেতরে ঢুকে পড়েছে। এখন চরখানপুর ও চরখিদিরপুর—দুই গ্রামের মানুষই বাড়িঘর সরাতে ব্যস্ত।
গতকাল এই ক্যাম্পের পাশে ৩৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদুজ্জামান খানের সঙ্গে কথা হয়। তিনি জানান, গত বুধবার এক দিনেই ক্যাম্পের সামনের ৩০ গজ এলাকা ভেঙে যায়। এরপর থেকে ভাঙন অব্যাহত রয়েছে।
নিরাপত্তার কথা চিন্তা করে ইতিমধ্যেই ক্যাম্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর সদস্য ও গোলাবারুদ পাশের চরখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সোলার প্ল্যান্ট ও অন্যান্য ভারী মালামাল নগরের তালাইমারী ক্যাম্পে নিয়ে আসার প্রস্তুতি চলছে।
পাউবো সূত্র জানায়, গতবার চরখানপুর ক্যাম্প ও একটি সীমান্ত পিলার বাঁচানোর জন্য ২৮০ মিটার এলাকায় ৩৫ হাজার জিও টেক্সটাইল ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়। প্রায় ৭০ শতাংশ ব্যাগ ফেলা হয়েছিল।
চরখিদিরপুর ক্যাম্পের পাশে ১০৫ মিটার এলাকা রক্ষার জন্য ৮০ শতাংশ কাজ করার পরে তীব্র ভাঙনের কারণে প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ভাঙন পরিস্থিতির কথা তাঁরা ওপরে জানিয়েছেন। তবে কোনো বরাদ্দ পাওয়া যায়নি।