তাইন্দং এলাকায় সহিংস ঘটনার পর আদিবাসী ও বাঙালিদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারের জন্য যামিনীপাড়া বিজিবি জোনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে তাইন্দং সিনিয়র মাদ্রাসায় সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিজিবি যামিনীপাড়া জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর শোহাইব উদ্দিন সোহেব, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান, তাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলামসহ এলাকার হেডম্যান, কার্বারি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যৌথ সভায় শুরুতে বাঙালি প্রতিনিধিরা সমঝোতা সভার উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর আদিবাসীদের সঙ্গে সভার উদ্যোক্তাদের বৈঠক হয়। পরে আদিবাসী ও বাঙালি সবাই মিলে সভা করেন। সভা শেষে আদিবাসী ও বাঙালিরা পরস্পর পরস্পরকে জড়িয়ে কোলাকুলি করেন এবং একসঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন। তাইন্দং সহিংসতায় ক্ষতিগ্রস্ত বগাপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) বিনয় চাকমা মুঠোফোনে জানান, প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তাইন্দং ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, বাঙালি গণ্যমান্য ব্যক্তিরা দাবি করেন, পুলিশের হয়রানির ভয়ে প্রায় তিন হাজার ব্যক্তি এলাকা ছাড়া। তারা প্রকৃত দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানান।মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক তাইন্দং এলাকার আদিবাসীদের নির্ভয়ে বাজারে আসার ও চলাফেরা করার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন এলাকায় উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করেছে।৩ আগস্ট কথিত মোটরসাইকেলচালক কামাল হোসেনকে অপহরণের খবর রটিয়ে বাঙালিরা উত্তেজিত হয়ে তাইন্দং এলাকার আটটি আদিবাসী গ্রামে হামলা চালায়। এতে আদিবাসীদের ৩৬টি ঘর পুড়ে যায় এবং তিন শতাধিক বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়।