বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টহল দলের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা। গত শুক্রবার রাত নয়টায় উপজেলার নাজির গোমানী সীমান্তের মুন্সিরহাট নামক স্থানীয় বাজারে এ ঘটনায় ফজলার রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পাটগ্রাম থানায় সোপর্দ করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, এলাকার চিহ্নিত চোরাকারবারি ফারুক হোসেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে করে সীমান্তে গেলে বিজিবির নাজির গোমানী ক্যাম্পের একটি টহল দল তাকে ধাওয়া করে। পরে ওই ক্যাম্পের হাবিলদার সাজেদুর রহমানের নেতৃত্বে বিজিবির টহল দলটি ফারুককে মুন্সিরহাট বাজারে গিয়ে মোটরসাইকেলসহ আটক করে। খবর পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালিয়ে ফারুককে ছিনিয়ে নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির চারটি বাইসাইকেল লুট করে। পরে বিজিবি পাটগ্রাম কোম্পানি কমান্ডার জোনাব আলী ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবির সদস্য নিয়ে পৌঁছে মোটরসাইকেলগুলো উদ্ধার করেন। এ সময় হামলায় জড়িত অভিযোগে ফজলার রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পাটগ্রাম থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই হাবিলদার সাজেদুর রহমান ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ ৫১ জনকে আসামি করে মামলা করেন। ফজলার রহমানকে গতকাল শনিবার লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।