বিজিবির ওপর মাদক ব্যবসায়ীদের হামলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি এলাকার কালীবাড়ি নামক স্থানে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় মাদক ব্যবসায়ীদের হামলায় গেন্দুকুড়ি বিওপি ক্যাম্পের বিজিবি টহলদলের সাত সদস্য আহত হয়েছেন।এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করা গাঁজা রক্ষা ও আত্মরক্ষার্থে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবির সদস্যরা। আহত ব্যক্তিদের মধ্যে নায়েক রতীশচন্দ্র পালকে (৪২) গুরুতর অবস্থায় শুক্রবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গতকাল শনিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বিজিবির ওই টহলদলের প্রধান হাবিলদার মানিক মিয়া টং ভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গমির উদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে গতকাল হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। রতীশচন্দ্র পাল বলেন, বিজিবির সদস্যদের ওপর হামলার নেতৃত্বদানকারী গমির উদ্দিন মেম্বার নিজে একজন মাদক ব্যবসায়ী এবং এলাকার মাদক চক্রের প্রভাবশালী সদস্য। তিনি বলেন, গেন্দুকুড়ি সীমান্ত এলাকায় গত কয়েক দিনে আটক শতাধিক কেজি গাঁজার আসল মালিক গমির উদ্দিন মেম্বার ও তাঁর আত্মীয়স্বজন। শনিবার দুপুরে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী ও বিজিবির লালমনিরহাট ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সালাহ উদ্দিন নায়েক রতীশচন্দ্র পালকে দেখতে লালমনিরহাট সদর হাসপাতালে আসেন। নেয়ামুল ইসলাম ফাতেমী বলেন, যত বাধাই আসুক, বিজিবির চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।