বিজিবির ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকায় গতকাল শুক্রবার বিজিবির সদস্যদের ওপর চোরাকারবারিরা হামলা চালিয়েছে। এ সময় দুই লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়ি ও একটি গাড়ি জব্দ করা হয়। বিজিবি সূত্রের বিবরণ অনুযায়ী, একটি সাদা প্রাইভেট কারে আবদুস শহীদ, হারুন মিয়া ও মতিন মিয়ার নেতৃত্বে একদল লোক ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি পাচার করছিল। এ সময় চাতলাপুর বিজিব ফাঁড়ির ছয়জনের একটি টহলদল গাড়িটি থামানোর চেষ্টা করে। গাড়ি থেকে নেমে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন গ্রামবাসীও হামলাকারীদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে হামলাকারীরা বিজিবির এক সদস্যের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নেয়। খবর পেয়ে ফাঁড়ি থেকে অতিরিক্ত বিজিবির সদস্য এলে হামলাকারীরা রাইফেলটি ফেলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা বিড়িভর্তি গাড়িটি জব্দ করেন। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন শামসু মিয়া ও আবদুল মালেক। শ্রীমঙ্গল ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম ও বিজিবির পরিচালক (অপারেশন) মেজর তৌহিদ-বিন-ইসহাক জানান, চোরাকারবারিরা হামলা চালিয়ে বিড়ি ও রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এ সময় দুই লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি জব্দ করা হয়।