বিজিবির কার্যালয়ের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদ
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ক্রাইক্ষ্যং-হাংসামাপাড়া এলাকায় বিজিবির সেক্টর সদর দপ্তরের জন্য ‘পাড়াবাসীর জমি ও শ্মশানভূমি’ অধিগ্রহণ ও স্থাপনা নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে।
হ্লাপাইক্ষ্যং মৌজার হাংসামাপাড়াবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অবিলম্বে অধিগ্রহণ-প্রক্রিয়া ও নির্মাণ উদ্যোগ বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সকালে রোয়াংছড়ির ক্রাইক্ষ্যংপাড়া ও সদর উপজেলার হাংসামাপাড়াবাসী এবং আশপাশের আটটি পাড়ার কয়েক শ আদিবাসী নারী-পুরুষ বান্দরবান প্রেসক্লাব চত্বরে জড়ো হন। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, ক্রাইক্ষ্যংপাড়ার কার্বারি (পাড়া প্রধান) চাইগ্য প্রু মারমা ও হাংসামাপাড়ার কার্বারি মংসিং মারমা।
বক্তাদের অভিযোগ, বিজিবির কর্মকর্তারা স্থানীয় কারও সঙ্গে আলাপ-আলোচনা না করে ক্রাইক্ষ্যং-হাংসামাপাড়াবাসীর জমি ও শ্মশানভূমি দখল করে সেক্টর সদর দপ্তর স্থাপনের উদ্যোগ নিয়েছেন। বলা হচ্ছে উকান থিন নামের একজন অবসরপ্রাপ্ত কর্নেল তাঁর পারিবারিক জায়গা বিজিবির জন্য দিয়েছেন। প্রকৃতপক্ষে উকান থিনের সেখানে কোনো জমি নেই। এদিকে গতকাল উকান থিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, তাঁর পারিবারিক জায়গা তিনি বিজিবির জন্য দিয়েছেন। সেখানে পাড়াবাসীর কোনো জমি নেই।
বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল ওয়ালিউর রহমান বলেন, সাংসদ-জেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ক্রাইক্ষ্যং-হাংসামা এলাকায় জমি নেওয়া হয়েছে। সেখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কতিপয় ব্যক্তি ভিত্তিহীনভাবে পাড়াবাসীর জমি ও শ্মশানভূমি দখলের অভিযোগ করছে।