বিজিবির গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের গুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তের কাছে দাঁতভাঙ্গা বিলে এ ঘটনা ঘটে। আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়েছে বলে দাবি করেছে বিজিবি কর্তৃপক্ষ। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩০)। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইয়াবউদ্দিনের ছেলে।সাতক্ষীরা ৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম দাবি করেন, বুধবার রাত দুইটার দিকে লক্ষ্মীদাঁড়ি সীমান্তের দিকে দেড় শতাধিক লোকজন ফেনসিডিল নিয়ে সাতক্ষীরা আসছিল। এ সময় দাঁতভাঙ্গা বিল এলাকায় টহলরত বিজিবির সদস্যরা তাদের থামতে বলেন। কিন্তু তারা না থেমে রড, দা, কিরিচসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে উল্টো তাঁদের ওপর হামলা চালায়। তাঁরাও পাল্টা ধাওয়া করেন। হামলায় বিজিবির সদস্য মামুন আহত হন। এ ঘটনার পর মামুন প্রথমে শূন্যে গুলি ছোড়েন। পরে হামলাকারীদের লক্ষ্য করে আরও একটি গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন।সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ বলেন, নিহত ব্যক্তির ডান কানের পাশে গুলি লেগেছে। তাঁর কোমরে ২৫-৩০ বোতল ফেনসিডিল বাঁধা ছিল। তা ছাড়া ঘটনাস্থলে পাওয়া পাঁচটি বস্তা থেকে পাঁচ শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে গতকাল বিকেলে হস্তান্তর করা হয়েছে।