বিজিবির জন্য দুই হেলিকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, এমআই সিরিজের হেলিকপ্টারগুলো দুর্ঘটনার শিকার হওয়ার হার কম এবং বাংলাদেশ বিমানবাহিনীর পাইলটরা এর সঙ্গে পরিচিত। এ জন্যই এ হেলিকপ্টার কেনা হচ্ছে। আবুল হোসেন আরও বলেন, বহু কাজে ব্যবহার করার সুবিধাসংবলিত এই হেলিকপ্টারগুলো কেনার লক্ষ্যে সম্প্রতি রাশিয়া সফর করেছেন তিনি। বিজিবির অতিরিক্ত মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বলেন, তাঁরা হয় এমআই-১৭, নতুবা এমআই-১৭১ হেলিকপ্টার পছন্দ করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমআই-১৭ বা এমআই-১৭১-এর একেকটি হেলিকপ্টারের দাম সাধারণত ১০০ কোটি টাকা হয়।