বিজিবির জব্দ করা কাঠের মালিক কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার একটি করাতকল থেকে গতকাল সোমবার সাড়ে ৩০ ঘনফুট চোরাই সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি। রাজস্ব ফাঁকি দিয়ে টেকনাফ স্থলবন্দর থেকে এসব কাঠ আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
করাতকলের মালিক আবদুল গফুর জানান, গত রোববার সন্ধ্যায় একটি চাঁদের গাড়িতে করে কাঠগুলো করাতকলে আনা হয়। কিন্তু
কাঠের কোনো কাগজপত্র না থাকায় তাঁরা প্রথমে গাড়ি থেকে কাঠগুলো নামাননি। এ সময় চাঁদের গাড়ির চালক জানান, কাঠের মালিক ইউএনও। কিন্তু তার পরও কাঠগুলো খালাস করা হয়নি। পরে স্থলবন্দরের ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুরের অনুরোধে কাঠগুলো নামানো হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আনা কিছু কাঠ রাজস্ব ফাঁকি দিয়ে করাতকলে আনা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা একটি করাতকলে অভিযান চালান। এ সময় কাগজপত্র না থাকায় সেখান থেকে সাড়ে ৩০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। এসব কাঠের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। জব্দ করা কাঠ বন বিভাগে জমা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘ইউএনওর অনুরোধে আমি কাঠগুলো খালাস করতে করাতকলের মালিককে অনুরোধ করি।’
কাঠ ব্যবসায়ী মো. সেলিম বলেন, গত শনিবার ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন ও তাঁর স্ত্রী স্থলবন্দরে এসে রাজস্ব আদায়ের আগে চারটি বড় কাঠের খণ্ড আলাদা করে রাখতে বলেন। পরে রোববার সন্ধ্যায় চাঁদের গাড়িতে করে কাঠগুলো বন্দর থেকে নিয়ে যাওয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি (ইউএনও) আইনের লোক। রাজস্ব আদায়ের আগে কেন কাঠগুলো নিয়ে গেলেন, সেটা তিনি ভালো বলতে পারবেন।’
তবে অভিযোগ অস্বীকার করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘বন্দর থেকে আমার কিছু কাঠ কেনার কথা ছিল। তবে বিজিবির জব্দ করা কাঠগুলো আমার নয়।’
স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের অপারেশন কর্মকর্তা আবু নূর খালিদ বলেন, ‘রোববার সন্ধ্যায় টেকনাফের ইউএনও আমাকে মুঠোফোনে সেগুন কাঠভর্তি চাঁদের গাড়িটি গেট পাস দিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পরে ৫ হাজার ১০০ টাকা বন্দর চার্জ আদায় করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।’ তিনি বলেন, ‘কাঠগুলোর রাজস্ব আদায় করা হয়েছে কি না, সেটা আমার জানা নেই।’
টেকনাফ শুল্ক বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘রোববার অফিসের সময় শেষে শুল্ক বিভাগের কর্মকর্তারা চলে গেলে একটি চাঁদের গাড়িতে করে কিছু কাঠ রাজস্ব ফাঁকি দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’ তাঁর দাবি, এ ক্ষেত্রে শুল্ক বিভাগের কোনো দায় নেই। এর দায়িত্ব স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের।