বিজিবির টহল গাড়ি দেখেই দৌড়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ১৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল এসব ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে বিজিবির টহল গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় পৌঁছায়। এ সময় এক ব্যক্তি তাঁর হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে রাস্তার পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায়। পরে ব্যাগটির ভেতরে ১৭ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মাদক চোরাচালানবিরোধী টহল দেওয়ার সময় ওই ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।