বিজিবির তথ্য পাচার শিক্ষক গ্রেপ্তার
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোপন তথ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের কাছে পাচারের অভিযোগে নীলফামারীতে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত মীর মাসুদ তারেক ওরফে খোকনের (৪৮) বাড়ি জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের পশ্চিম খড়িবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।গত শুক্রবার বিকেলে ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ সীমান্ত ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন। সন্ধ্যায় মাসুদ তারেককে ডিমলা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ তারেক বিজিবির কাছে লিখিতভাবে জানান, প্রতি মাসে তিনি পাঁচ হাজার টাকার বিনিময়ে বিজিবির তথ্য বিএসএফের কাছে পাচার করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা সীমান্তের থানারহাট বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার বাচ্চু মোল্লা বলেন, গ্রেপ্তার হওয়া মাসুদ দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বাংলাদেশের তথ্য ভারতের এক গরু ব্যবসায়ীর মাধ্যমে বিএসএফের কাছে পাচার করে আসছিলেন। তাঁর কাছে তথ্য পাচারের গুরুত্বপূর্ণ কিছু কাগজ পাওয়া গেছে।ডিমলা থানার এসআই (তদন্ত কর্মকর্তা) এ টি এম গোলাম রসুল বলেন, মাসুদ তারেককে শুক্রবার রাত নয়টার দিকে থানায় সোপর্দ করেন বিজিবির সদস্যরা। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতে হাজির করা হয়েছে। আটক ব্যক্তি শুধু একজন শিক্ষকই নন, তিনি গরু ব্যবসায়ীও।