বিজিবির তথ্যদাতাকে সালিসে জরিমানা!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকের চালান ধরিয়ে দিতে সহায়তার অভিযোগ এনে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) এক তথ্য সরবরাহকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মাদক ব্যবসায়ীরা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী তাহের আলী, মরু ও আবু তাহেরের একটি গাঁজার চালান গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি আটক করে। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আলী হোসেন নামের বিজিবির এক তথ্য সরবরাহকারীকে তাঁর বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে পাকুড়িয়া শকুনতলা ঈদগাহ মাঠে সালিস বসান। সালিসে একই এলাকার ইন্দাদুল, ময়ের, লাবু, রিংকু, ঝন্টুসহ ১০-১২ জন মাদক ব্যবসায়ী গাঁজার চালান ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে আলী হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভয়ে আলী হোসেন এক সপ্তাহের মধ্যে টাকা দিতে রাজি হন এবং তাঁদের হাত থেকে রক্ষা পান। মহিষকুণ্ডি বিওপির বিজিবি সুবেদার জামাত আলী বলেন, আলী হোসেন বিভিন্ন সময় মাদক পাচারের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করে। তবে তাঁকে সালিসে জরিমানার বিষয়টি তিনি জানেন না। অভিযোগের ব্যাপারে মাদক ব্যবসায়ীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।